টেকনাফে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১


কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, ৫ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল এবং এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ মে) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃত যুবকের নাম লুৎফর রহমান (২১)। সে টেকনাফ থানার ক্যারেঙ্গাঘোনা গ্রামের নুর আহমেদের ছেলে।
বুধবার সকালে বিজিবি জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় ওঁৎ পেতে থাকে। এ সময় কয়েকজন পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে লুৎফর রহমানকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়। তবে তার সাথে থাকা অন্য পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লুৎফর রহমান স্বীকার করেছে যে, মিয়ানমার সীমান্ত থেকে বিক্রির উদ্দেশ্যে সে এই ইয়াবা নিয়ে এসেছিল। এই চক্রের সাথে স্থানীয় আরও কয়েকজন জড়িত রয়েছে। মাদক পাচারের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















