টেকনাফে ২ কোটি ৫৫ লাখ টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক


কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে। এসময় তাদের সাথে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— টেকনাফের সাবরাং ইউনিয়নের করাচিপাড়া এলাকার জাহেদ হোসেনের ছেলে মোঃ জায়েদ (২৬) এবং একই ইউনিয়নের পানছড়িপাড়া এলাকার আব্দুল আলমের ছেলে সোহেল (১৮)।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

















