তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা সম্পন্ন


তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বদের অন্যতম আয়াতুল্লাহ জাফর সোবহানি। খামেনির পাশাপাশি তার পরিবারের আরও চার সদস্যের জানাজাও একই সঙ্গে অনুষ্ঠিত হয়।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, জানাজায় খামেনির তিন ছেলে মাসুদ, মেইসাম ও মোস্তফা উপস্থিত ছিলেন। তবে তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনি অনুষ্ঠানে অংশ নেননি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে হত্যার হুমকি থাকায় নিরাপত্তাজনিত কারণে তিনি জানাজায় অনুপস্থিত ছিলেন।
জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মহসেনি এজেঈসহ দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা অংশ নেন।
এছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর প্রধান আহমদ ওয়াহিদি এবং কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানিও জানাজায় উপস্থিত ছিলেন।
















