দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন


দীঘিনালা উপজেলার বোয়ালখালি ইউনিয়নের বব্রুবাহন হেডম্যান পাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করেছে দীঘিনালা জোন সেনাবাহিনী।
সোমবার (৮ ডিসেম্বর) দীঘিনালা সেনা জোনের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. শায়খউদ্দিন সাকলাইন।
দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. ওমর ফারুকের নির্দেশনায় সকাল থেকেই গ্রামের নারী, পুরুষ, শিশু ও শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ পেয়ে চাঞ্চলতা ত্রিপুরা (৫৫) জানান, শরীরে উচ্চ রক্তচাপসহ হাত-পায়ের তীব্র ব্যথায় ভুগছিলেন। অভাবের কারণে হাসপাতাল যাওয়ার সামর্থ্য ছিল না। সেনাবাহিনীর ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা ও ঔষুধ পেয়ে তিনি খুবই আনন্দিত।
তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, “আমি অনেকদিন ধরে মাথা ও হাত-পায়ে ব্যথা এবং উচ্চ রক্তচাপে ভুগছিলাম। হাসপাতালে যাওয়ার মতো সামর্থ্য ছিল না। আজ সেনাবাহিনী চিকিৎসা দিলেন, ওষুধ দিলেন। ভগবান স্যারদের মঙ্গল করুক।”
গৃহবধূ লক্ষী চাকমা তার ৭ মাসের জ্বরে ভোগা শিশুকে কোলে নিয়ে ক্যাম্পে এসেছিলেন। চিকিৎসকের পরামর্শ ও ঔষুধ পেয়ে তিনি বলেন, “আমার বাচ্চা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। সেনাবাহিনীর ডাক্তাররা দেখে ওষুধ দিয়েছেন। আমরা খুবই উপকৃত হলাম।”
স্থানীয় হেডম্যান চন্দ্র হংশ রোয়াজা জানান, পাহাড়ি পথ পাড়ি দিয়ে সদরে যাওয়া অনেকের জন্য অসম্ভব। একদিনে এত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা তাদের জন্য অনেক বড় উপকার।
দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. শায়খউদ্দিন সাকলাইন বলেন, “বোয়ালখালি ইউনিয়নের বব্রুবাহন হেডম্যান পাড়া অত্যন্ত দুর্গম এলাকা। এখানকার লোকজন খুবই গরীব এবং দুস্থ। অনেকেই নিয়মিত চিকিৎসকের সান্নিধ্য পায় না। দিনব্যাপী প্রায় ৫ শতাধিক রোগীর মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়েছে।”

















