নকআউটে ২০১৯-এর পর অজেয় আর্জেন্টিনা, এবার সামনে কেপ ভার্দে

fec-image

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। তবে নকআউট পর্বে তাদের প্রথম প্রতিপক্ষই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াই মাঠে গড়াবে শনিবার ভোর ৪টায়।

কাগজে-কলমে এবং সাম্প্রতিক পারফরম্যান্স—দুই দিক থেকেই স্পষ্ট ফেভারিট আর্জেন্টিনা। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর থেকে কোনো নকআউট ম্যাচে পরাজিত হয়নি লিওনেল স্ক্যালোনির দল। এই সময়ের মধ্যে তারা জিতেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৫ ফিনালিসিমাও। ফলে নকআউটে ধারাবাহিক সাফল্যের আত্মবিশ্বাস নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এ ছাড়া এই শতকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে পারা মাত্র তৃতীয় দল আর্জেন্টিনা।

অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই চমক দেখিয়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপে তিনটি ম্যাচই ড্র করে তারা নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট। ১৯৯৮ সালে চিলির পর প্রথম দল হিসেবে কোনো ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব পেরিয়েছে তারা।

শুধু তাই নয়, ২০১০ সালে স্লোভাকিয়ার পর প্রথম অভিষিক্ত দল এবং ২০০৬ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের রূপকথা আরও দীর্ঘ করা।

গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

  • বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। আর্জেন্টিনার জার্সিতে তার আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা ২০২।
  • বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার সর্বশেষ ১৩ ম্যাচের মধ্যে সাতটিই গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
  • বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ১১টি নকআউট ম্যাচ অতিরিক্ত সময়ে খেলেছে আর্জেন্টিনা।
  • অভিষেক বিশ্বকাপে নকআউট পর্বে ওঠা দলগুলোর মধ্যে সবচেয়ে নিচের ফিফা র‌্যাঙ্কিংয়ের দল কেপ ভার্দে (৬৭)।
  • ২০২৬ বিশ্বকাপে অভিষেক হওয়া চার দলের—কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মধ্যে একমাত্র কেপ ভার্দেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা, ফিফা বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন