নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খাগড়াছড়ির এনসিপি নেত্রী মনজিলা ঝুমা

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়কারী ও দক্ষিণাঞ্চলের সংগঠকের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে মনজিলা সুলতানা ঝুমা লেখেন, ‘এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে শাপলা কলি মার্কা নিয়ে নির্বাচন করতে আমাকে মনোনীত করেছিল। ২৪ তারিখে আমার পক্ষে আমার দলের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেছেন।

আগামীকাল জমা দেওয়ার শেষ তারিখ। আজ প্রায় ২ ঘণ্টা আগেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমি বিশ্বাস করি, তরুণরা সংসদে যাবে—আজ নয় তো কাল।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে এনসিপির শীর্ষ অনেক নেতা-নেত্রী দল থেকে পদত্যাগ করেছেন। অনেকেই আবার স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তবে মনজিলা ঝুমা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দল থেকে পদত্যাগ করছেন কি না—এমন সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও তাঁর স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, দলটির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী এবং ফেনী-৩ আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আবুল কাশেম পদত্যাগের ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এনসিপি, নির্বাচন, মনজিলা ঝুমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন