পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ


চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল, অকটেন, সয়াবিন সহ প্রায় ১৭ হাজার লিটার তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এর মধ্যে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন এবং ৫ হাজার লিটার ভোজ্য তেল রয়েছে।
মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পতেঙ্গা আউটপোস্ট সংবাদ সম্মেলনে বিসিজিএস তাজউদ্দীন এর সিগন্যাল কমিউনিকেশন অফিসার হাসিব-উল-ইসলাম জানান, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় বাহিনীটি। অবৈধভাবে মজুদকৃত এসব তেল কালোবাজারে বিক্রি করা হতো বলে ধারণা করা হচ্ছে।
অভিযানে জেটফুয়েল বহনকারী পদ্ম অয়েলের একটি জ্বালানীবাহী গাড়িও জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। একই স্থানে গেল ২৭ মার্চ ৬ হাজার লিটার তেল জব্দ করা হয়।
দুটি অভিযানেই আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জ্বালানি ও ভোজ্য তেল চোরাকারবারির সাথে সংশ্লিষ্ট মূলহোতাদের আটকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।
জব্দকৃত জ্বালানি ও ভোজ্য তেল এবং ট্রাকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।















