পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি

fec-image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সীমান্তবর্তী ভোটকেন্দ্র ও ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে ড্রোন, মেটাল ডিটেক্টর, বডি ওর্ন ক্যামেরা ও অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সাজেকের ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ-এর দিকনির্দেশনায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক বঙ্গলতলী এবং সাজেক ইউনিয়নে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বঙ্গলতলী এবং সাজেক ইউনিয়নের নির্বাচনী এলাকায় ২টি বেইজ ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এই নির্বাচনে বিজিবি দায়িত্ব পালনের ক্ষেত্রে বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন ও আধুনিক যোগাযোগ সরঞ্জামাদিসহ বিভিন্ন ধরনের রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার করবে, যার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) দায়িত্বপূর্ণ ৯৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষার মূল দায়িত্বের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ হতে মোতায়েন রয়েছে এবং নির্বাচনী এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে। দুটি বেইজ ক্যাম্পের মাধ্যমে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, বাঘাইছড়ি, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন