পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে পিসিপির বিক্ষোভ মিছিল
প্রেস বিজ্ঞপ্তি:
দিঘীনালার কবাখালীতে গত সোমবার দিবাগত রাতে ১০ম শেণির পাহাড়ি ছাত্রীকে ছাত্রলীগ নেতা শাহরিয়া সোহেল ও তার সহযোগীদের কর্তৃক গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গুইমারা সদর রামেসু বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা শাখা।
বুধকবার (১১ মার্চ) সকালে মিছিলটি রামেসু বাজার থেকে গুইমারা প্রেসক্লাব সামনে সমাবেশ করার জন্য বের হতে চাইলে রামেসু বাজারের মুখে ব্রীজের পাশে প্রশাসন বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শ্লোগানের মাধ্যমে এর প্রতিবাদ জানায় এবং ঐ স্থানে প্রতিবাদ সমাবেশ করে।
এতে পিসিপি’র উষাঅং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল ত্রিপুরা, পিসিপি গুইমারা উপজেলা শাখার সভাপতি সমর জ্যোতি চাকমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে প্রতিনিয়ত নারী ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটলেও সরকার-প্রশাসন দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ না নেওয়ায় বার বার এ ধরনের ঘটনা ঘটছে।’
বক্তারা অবিলম্বে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাহরিয়ার সোহেলকে দৃষ্টান্তমূলক শাস্তি ও তার সহযোগীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।


















