বাইশারী বাজারের মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি :
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারের মাদার টেলিকম নামের একটি মোবাইল সামগ্রী বিক্রির দোকানে রবিবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বাজারের গনি মার্কেটে এ ঘটনা ঘটে।
দোকান মালিক আনিছুল হক বলেন, প্রতিদিনের মত ব্যবসা শেষে রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। পর দিন ১৪ মার্চ (সোমবার) সকাল ৯ টায় দোকান খুলে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে পিছনের রুমে গিয়ে দেখতে পাই দরজা ভাঙ্গা এবং গর্ত খুড়ে দোকানে প্রবেশের চিত্র।
তিনি আরো জানান, ড্রয়ারে থাকা নগদ ২০ হাজার টাকা, ৫০টি মোবাইল সেট, ২০টি ব্যাটারি, ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি ল্যাপটপ, ৩৫টি মেমোরি কার্ড, ৪০টি চার্জার, ইয়ারফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। যার মূল্য ৩ লাখ টাকার অধিক হবে বলে দোকান মালিক জানান।
এদিকে সোমবার সকালে বাজার এলাকায় সন্দেহজনক ঘুরাঘুরি করার সময় চুরির সাথে জড়িত সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন, রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের বড়বিল এলাকার বাসিন্দা মৃত মোজাফ্ফর আহমদের পুত্র মোবারক (২৪), চন্দনাইশ থানার দোয়াছড়ি এলাকার বাসিন্দা নুরুন্নবী (২৬), চট্রগ্রামের বাইন্না পাড়ার বাসিন্দা কৃঞ্চ দাশ (৪০)।
চুরির সাথে জড়িত সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান এ.এস.আই ফারুক।


















