যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সংলাপে আগ্রহী যুক্তরাষ্ট্র–ইরান


চলমান ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আবারও সরাসরি সংলাপে বসতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্য সামনে রেখে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে।
দ্বিতীয় দফা সংলাপের সম্ভাব্য ভেন্যু হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নাম বিবেচনায় রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকটি প্রত্যাশিত ফল না দিলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে উভয় পক্ষই আগ্রহী।
প্রতিবেদন প্রকাশের পর পাকিস্তানি কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের মতপার্থক্য কমানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন ইস্যুতে দীর্ঘদিন ধরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন সংলাপ চললেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
এর পরদিন, ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে আকস্মিক সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরাইলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক হামলা চালায়।
এর জবাবে ইরানের পাল্টা আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সংঘাতের ৩৯তম দিন, ৭ এপ্রিল, উত্তেজনা প্রশমনে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
এই প্রেক্ষাপটে ১১ এপ্রিল ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হলেও তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। তবে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষের আগ্রহ বজায় রয়েছে।
সূত্র: এএফপি, আল জাজিরা।

















