বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিখোঁজ গৃহবধূকে ১২ ঘণ্টা পর উদ্ধার


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চাঞ্চল্যকর নিখোঁজ গৃহবধূকে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পাচার চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ সূত্র জানায়, নিখোঁজ হওয়া গৃহবধূকে অপহরণ করে চক্রটি তাকে নিয়ে যায় কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেলে। কক্সবাজার সদর থানাধীন কলাতলী সংলগ্ন ‘হাইপ্রিয়ান সীপাল’ আবাসিক হোটেলের ৬/সি নম্বর রুমে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিখোঁজ ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে র্যাব। একই সঙ্গে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ২ জন অপহরণকারীকে হাতেনাতে গ্রেফতারসহ পাচার কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস আটক করা হয়।
অপহৃত গৃহবধূর স্বামী জানায়, গত ৭ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর থেকে গৃহবধূ অপহৃত হন। পরে তারা র্যাব-১৫ কে অবহিত করেন।
র্যাব ১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা হলো রামু থানার কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা ছুরত আলমের সন্তান শামসুল আলম (৩। গ্রেফতারকৃত অপরজন ড্রাইভার শাহ আলম (৩৪) কক্সবাজার থানার ঝিলংজা ইউনিয়নের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, গ্রেফতারকৃত আসামিরা এলাকায় প্রভাবশালী ও ধূর্ত প্রকৃতির লোক হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অপহরণ ও অনৈতিক কাজে লিপ্ত থাকার সিন্ডিকেট গড়ে তুলেছে।
উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মুহাম্মদ আকরাম উল্লাহ বলেন, আসামিদের বান্দরবান আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
















