রাঙামাটিতে ৯টি বসতঘর পুড়ে ছাই


রাঙামাটি জেলা সদরের কুতুকছড়ি ইউনিয়নে রাঙামাটি খাগড়াছড়ি প্রধান সড়কের পাশে আগুনে ৯টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় কুতুকছড়ি বাজার সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় কুতুকছড়ি এলাকায় একটি কাচাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোজ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম বলেন, কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোজ চাকমা উপস্থিত ছিলেন।

















