রাবিপ্রবি ভিসিকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

fec-image

দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্যকে (ভিসি) অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল।

সোমবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব। এ সময় বিশ্ববিদ্যালয় কমিটির সদস্যসচিব জিশান আহম্মেদ ও শরিফ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বর্তমান উপাচার্য আইন অমান্য করে নিজের খেয়ালখুশিমতো শিক্ষক নিয়োগ দিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে ‘জামায়াতীকরণ’ করেছেন তিনি। পাশাপাশি আওয়ামীপন্থী শিক্ষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়নের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তি রয়েছে। এর মধ্যে বরাদ্দের অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন এবং এক খাতের অর্থ অন্য খাতে ব্যয়সহ অসংখ্য আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়।

বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা গত ৫ আগস্টের একটি ঘটনার উল্লেখ করে বলেন, “ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অজুহাতে জুলাই বিপ্লবের শহীদদের উদ্দেশে ছাত্রদলের দেওয়া ফুল বেদি থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন এই উপাচার্য। অথচ সেই একই দিনে বিকেলে ছাত্রশিবিরের একটি আয়োজনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি মূলত এই বিশ্ববিদ্যালয়কে শিবিরের ঘাঁটিতে রূপান্তর করার চেষ্টা করছেন।”

বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘দলকানা’ এই উপাচার্যকে অপসারণ করা না হলে পুরো বিশ্ববিদ্যালয়সহ রাঙামাটি জেলা অচল করে দেওয়া হবে। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা উপাচার্যের দপ্তরে তালা লাগিয়ে দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ছাত্রদল, ভিসি, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন