হরমুজ প্রণালি ইস্যুতে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট


হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ভবিষ্যৎ নির্ধারণে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের হুমকিকে কেন্দ্র করে একটি সংশোধিত প্রস্তাবের ওপর এ ভোট অনুষ্ঠিত হবে। উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর সমর্থনে বাহরাইন দুই সপ্তাহ আগে প্রাথমিক খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল।
প্রথম খসড়ায় হরমুজ প্রণালি খুলে দিতে বল প্রয়োগের অনুমোদনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে সম্ভাব্য ভেটোর আশঙ্কায় প্রস্তাবটি সংশোধন করে তুলনামূলক নমনীয় করা হয়েছে।
সংশোধিত প্রস্তাবে ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ এবং প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এতে সরাসরি সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন রাখা হয়নি।
এর পরিবর্তে সদস্য রাষ্ট্রগুলোকে পরিস্থিতি অনুযায়ী প্রতিরক্ষামূলক পদক্ষেপে সমন্বয় করার আহ্বান জানানো হয়েছে, যাতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রয়োজনে জাহাজকে এসকর্ট দেওয়ার বিষয়টিও এতে উল্লেখ রয়েছে।
এছাড়া প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হলে নিরাপত্তা পরিষদ ‘অতিরিক্ত ব্যবস্থা’ নেওয়ার প্রস্তুতি রাখবে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময় রাত ৯টায় এ ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। অন্যথায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারিও দেন তিনি।

















