রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন আরও ১৭০ পরিবার

খাগড়াছড়ির রামগড় উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে আরও ১৭০ পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আগামী ১০ জুন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে গৃহ ও ভূমির দলিল হস্তান্তর করা হবে।
বৃস্পতিবার (৬ জুন) রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন তার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধনের পর রামগড়ের ১৭০ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। এরমধ্যে পৌরসভা এলাকায় ৬৯টি, রামগড় ইউনিয়নে ৫৫টি ও পাতাছড়া ইউনিয়নে ৪৬টি নির্মিত ঘর নির্মাণ করা হয়েছে।
লিখিত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘বাংলাদেশে একজনও গৃহহীন ও ভূমিহীন থাকবে না’। এ ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে রামগড় উপজেলায় এ পর্যন্ত ৫৪১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও ভূমি পেয়েছেন।
ইউএনও বলেন, আশ্রয়ণের সুবিধাভোগী পরিবারদের জন্য রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন উপস্থিত ছিলেন।

















