শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বান্দরবানে বিজিবির সর্বাত্মক প্রস্তুতি


বান্দরবানের রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহন্ত বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মূলত সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ৪,৪২৭ কিলোমিটার সীমান্তজুড়ে সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সারাদেশে প্রায় ৩৭ হাজারের অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ৯ বিজিবি’র রুমা ব্যাটালিয়নের কনফারেন্স কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
কনফারেন্সে মেজর তিমিন রঞ্জন মহন্ত বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচন কমিশন ও সরকার কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা নির্বিঘ্নে বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। বিজিবি নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে এবং ভোটারদের নিরাপদভাবে ভোটে অংশগ্রহণে সহায়তা করবে।
কনফারেন্সে বিজিবি আরও জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ এবং গণমত সংগ্রহের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ বিভিন্ন উপজেলা অঞ্চলে বিজিবি আগাম থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
বিজিবি থেকে আরও জানানো হয়, ভোটদানে অংশগ্রহণকারী সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি বিশেষ মোবাইল টিম এবং কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত রয়েছে। নির্বাচনী পরিবেশকে নির্বিঘ্ন, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর রাখতে বিজিবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করবে।
এই প্রেস কনফারেন্সে সহকারী পরিচালক জসিম উদ্দিন ও অনারারি সহকারী পরিচালক সুরোজ কুমার সাহাসহ রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং, রুমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চনুমং মারমাসহ রুমা ও রোয়াংছড়ি দুই উপজেলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

















