অস্ত্রধারী ইউপিডিএফ সন্ত্রাসীদেরকে ‘মদদদাতা’ দেশে চলে যেতে হবে : রিজিয়ন কমান্ডার


অস্ত্রধারী ইউপিডিএফ সন্ত্রাসীরা যেই দেশের মদদে কাজ করছে, সেই দেশে তাদের চলে যেতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পিএসসি। ১ অক্টোবর বুধবার সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা চালিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা হয়েছে বলেও তিনি এই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের মদদদাতা কুচক্রী মহলকে দায়ী করেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ইউপিডিএফ সন্ত্রাসীদের এ দেশ থেকে বিতাড়িত হতে হবে। যেই দেশের মদদে কাজ করছে, সেই দেশে তাদের চলে যেতে হবে। বিভিন্ন জাত ও ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই, তবে কিছু কুচক্রী মহল আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করে। পার্বত্য অঞ্চলে শান্তি ও সমপ্রীতি বজায় থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করা যাবে বলেও তিনি মন্তব্য করেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক পূজামণ্ডবে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, আপনারা সম্মিলিতভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয়া দুর্গা উৎসব উদযাপন করতে পারছেন। বাংলাদেশের সংস্কৃতির একটা সুন্দর দিক রয়েছে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পছন্দ করি। সকল জাতি, ধর্ম ও বর্ণের সবাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে কিছু কুচক্রীমহল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেন। এই যে সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন যে, খাগড়াছড়িতে যেটা হয়েছে, গুইমারাতে যেটা হয়েছে, এটা আমাদের বিশ্বাসের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। তবে আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের রাঙামাটিবাসীর মধ্যে এটাকে কেন্দ্র করে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে পারেনি।
তিনি বলেন, আজকে আপনারা এই দিনটিকে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারছেন। আমি আশা করছি যে, ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখতে পারব। শান্তি, সম্প্রীতি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আরো ভালো কাজ করতে পারব। এই পাহাড় আমাদের, এই দেশ আমাদের। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এদেশকে প্রস্তুত করতে হবে। শান্তি, সম্প্রীতি ঠিকমতো থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতে পারব। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারব। ভালো শিক্ষার ব্যবস্থা করতে পারব। যাতে পাহাড়ের মানুষের জীবনযাত্রার মানোন্নতি হয়। এজন্য আপনাদের ঐকবদ্ধ থাকতে হবে। কুচক্রীমহল সব সময় চেষ্টা করবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য। আমি আশা করছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এদেশটিকে সুন্দরভাবে তৈরি করতে পারব।

















