আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্ত শুরু হয়েছে : বিএনপি নেতা ফারুক


বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য চক্রান্ত শুরু হয়েছে। নির্বাচন বানচাল করার জন্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে। ঠিক এই সময় নুরকে আহত করে হাসপাতালে পাঠানো হয়।
আজ বুধবার দুপুরে নোয়াখালীর সেনবাগ থানার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যারা ’৭১–এ ভুল করেছে, তারা নতুন করে জন্ম নিয়েছে। তারা বাংলাদেশে পিআর চায়। আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কবর থেকে ওঠা মরা মানুষের ভোট এ বাংলার মাটিতে আর হবে না।’
সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন তামান্না ফারুক, মোক্তার হোসেন পাটোয়ারী, আমিন উল্যাহ প্রমুখ।
















