আলীকদম ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের নতুন কমিটি গঠিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ফ্রেন্ডস গ্রুপের ১৯ সদস্যের নয়া কমিটি গঠিত হয়েছে। গত ৯ নভেম্বর স্থানীয় একটি ক্যান্টিনে অনুষ্ঠিত ইয়েস ফ্রেন্ডসের ত্রৈমাসিক মাসিক সভায় এ কমিটি গঠিত হয়। সভায় ফাহিমা আক্তারকে দলনেতা, হ্লাহ্লাচিং মারমা ও এস,এম, জুয়েলকে উপ-দলনেতা মনোনীত হন। নির্বাচিত হওয়ার পর থেকে ছয়মাস পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে। ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সাবেক দলনেতা ফারুক আহমেদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) চকরিয়ার এরিয়া ম্যানেজার মামুন কবীর ও অ্যাসিসটেন্ট ম্যানেজার মোঃ রাশেদুল ইসলাম।
সভায় জানানো হয়, দেশের ৪৫ টি প্রশাসনিক অঞ্চলে টিআইবি সনাক, স্বজন, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস গ্রুপের মাধ্যমে দুনীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করছে। একই ধারাবাহিকতায় আলীকদম উপজেলায়ও যুব সম্প্রদায়কে নিয়ে ইয়েস ফ্রেন্ডস গ্রুপ এই এলাকায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন তৈরির লক্ষ্যে কাজ করছে। দুর্নীতিবিরোধী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে নয়া কমিটিকে কাজ করার আহ্বান জানানো হয়।


















