উপজেলা পরিষদ নির্বাচন: উখিয়ায় বেড়েছে ভোটার সংখ্যা


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কক্সবাজারের উখিয়ায় বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম উখিয়ার ভোটাররা ইভিএমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছে।
উখিয়া উপজেলা ৬২টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন। মহিলা ভোটার ৭৩ হাজার ১৪ জন। ৬২টি ভোটকেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৩৫৫টি। তারমধ্যে, স্থায়ী বুথ ৩৪৪টি এবং অস্থায়ী বুথ ১১টি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া উপজেলায় ভোটার ছিলো ১ লাখ ৪৯ হাজার ৩১২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার বেড়েছে ২ হাজার ২৫২ জন।
উখিয়া উপজেলা পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী জাফর আলম চৌধুরী (ঘোড়া)।
এই পদে অন্যরা হলেন, ১৩ বছর রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর গত ২৮ এপ্রিল পদত্যাগ করা উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস) ও আবুল মনসুর চৌধুরী (মোটরসাইকেল)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, রাসেল চৌধুরী (তালা), জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), কামাল উদ্দিন মিন্টু (মাইক), গফুর চৌধুরী (চশমা) ও গফুর উল্লাহ (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, কামরুন্নেসা বেবী (কলস), সানজিদা আক্তার নূরী (প্রজাপতি) ও শাহীনা আক্তার (হাঁস)।
উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী রিটার্নিং অফিসার এবং উখিয়া উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মিজানুর রহমান সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।
১৯০৮ সালে উখিয়া থানা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৩ সালের ৭ নভেম্বর উখিয়া একটি পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত হয়। উখিয়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন মাহমুদুল হক চৌধুরী।

















