উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসুর ভোটগ্রহণ

fec-image

উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, দুপুরের দিকে লাইন আরো দীর্ঘ হতে পারে।

এবার ডাকসু নির্বাচনে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন। পুরুষ ও নারী ভোটারের সংখ্যায় পার্থক্য খুব বেশি নয়; মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি নারী ভোটার।

এবারের ডাকসু নির্বাচনে প্রতি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেবেন। ডাকসুর ২৮টি পদে দাঁড়িয়েছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন। ১৮টি আবাসিক হলের হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ১০৮ জন।

ডাকসু নির্বাচনের জন্য আটটি কেন্দ্র নির্ধারিত হয়েছে। সেগুলো হলো- কার্জন হল, শারীরিক শিক্ষাকেন্দ্র, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ। এরমধ্যে কার্জন হল কেন্দ্রে ভোট দেবে ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। টিএসসি কেন্দ্রে ভোট দেবে রোকেয়া হলের শিক্ষার্থীরা, কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের ভোট কেন্দ্র ভূতত্ত্ব বিভাগ।

ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট দেবে বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মুহসীন ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র হলো সিনেট ভবন। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবে সূর্যসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবি জসীম উদদীন হলের শিক্ষার্থীরা।

অনিদ হাসান প্রার্থীতা প্রত্যাহার
ডাকসু নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ (উমামা-সাদী-জাহেদ) প্যানেলের প্রার্থী অনিদ হাসান। একই সাথে তিনি ওই পদে ছাত্রদল নেতা আবু হায়াত মো. জুলফিকার জেসানকে পূর্ণ সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি মুক্ত, অবাধ ও প্রগতিশীল সাংস্কৃতিক ক্যাম্পাস বিনির্মাণের বৃহত্তর স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রার্থীতা প্রত্যাহারের মাধ্যমে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছাত্রদল নেতা আবু হায়াত মো: জুলফিকার জেসান আরো শক্ত অবস্থানে গেলেন বলে মনে করছেন অনেকে।

ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস
ঝামেলা এড়াতে অনেকেই সকাল সকাল কেন্দ্রে চলে এসেছেন। ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভোটারদের সহজ যাতায়াত নিশ্চিত করতে আজ সকাল ৭টা ৪৫ মিনিট থেকে শাটল সার্ভিস চালু হয়েছে। বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত এ সার্ভিস চলবে। এর আগে ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর শাটল সার্ভিসের রুটম্যাপ প্রকাশ করে।

শাটল সার্ভিসের রুটম্যাপ
রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে, কার্জন হল হয়ে শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল এন্ড কলেজ, সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবার ভূতত্ত্ব বিভাগে চক্রাকারে চলমান থাকবে।

আইনশৃঙ্খলা 
ডাকসু নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজারের বেশি সদস্য। ভোট শুরু হওয়ার আগে থেকেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব কয়টি প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। বৈধ আইডি কার্ড ছাড়া ঢুকতে দেয়া হচ্ছে না কাউকে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নীলক্ষেত মোড়ের প্রবেশপথে বিজিবি সদস্যদের দেখা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু, ডাকসু নির্বাচন, ঢাবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন