কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্র্যাক কর্মকর্তা নিহত
ফাতেমা জান্নাত মুমু:
রাঙামাটি-কাপ্তাই সড়কে ট্টাকের চাপায় এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম- রতন চাকমা (৩৮)। তিনি রাঙামাটির বরকল উপজেলার তালছড়া মৃত জুনুরাম চাকমা ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক ফারুককে আটক করা হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সড়কের ত্রিপুরাছড়ি এলাকায় এঘটনা ঘটে।
তিনি কাপ্তাই উপজেলা বারঘোনিয়া মিতিঙ্গাছড়ি এলাকার ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর প্রোগ্রাম অর্গানাইজারের হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নিহত রতন চাকমা মোটরসাইকেল যোগে রাঙামাটি থেকে কাপ্তাই উপজেলায় যাচ্ছিল। এসময় কাপ্তাই-বরইছড়ি সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্টাক (কুমিল্লা-ট-১১-০০৮৭) মোটরসাইকেলসহ রতনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এঘটনায় নিহতের ছোট ভাই অনিল বিকাশ চাকমা বাদী হয়ে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা করেন।
কাপ্তাই থানা কর্মকর্তা হারুন অর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তাছাড়া নিহত রতন চাকমার মৃতদেহ ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে কাপ্তাই বারঘোনিয়া মিতিঙ্গাছড়ি এলাকায় অবস্থিত ব্র্যাক শিক্ষা কর্মসূচীর ব্রাঞ্চ ম্যানেজার হ্লাবোয়াং প্রু মারমা বলেন, এ অকাল মৃত্যুতে ব্র্যাক অফিসের সকলেই মর্মাহত এবং শোকাহত। এ হত্যাকাণ্ডের ব্যাপারে চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


















