কুতুবদিয়ায় চোর পুত্রকে পুলিশে দিলেন অন্ধ পিতা


কক্সবাজারের কুতুবদিয়ায় মাদকসেবি চোর পুত্রকে পুলিশে দিলেন দরিদ্র অন্ধ পিতা ফজল করিম। রবিবার (১৫ মার্চ) ভোর রাতে আলী আকবর ডেইল পুর্ব তাবালের চর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
থানার ডিউটি অফিসার দীপন কান্তি দাস বলেন, পূর্ব তাবালের চর গ্রামের অন্ধ ফজল করিমের পুত্র পেশাদার চোর মাদকসেবি বাপ্পী(২৪)কে তার পিতার অভিযোগের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে টহলরত পুলিশ এলাকাবাসির সহায়তায় আটক করে। তার বিরুদ্ধে ২টি চুরির মামলারও ওয়ারেন্ট রয়েছে।
একই দিন তাকে আদালতে চালান দেয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শরীফ আসামীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বাপ্পীর অন্ধ পিতা ফজল করিম বলেন, বাপ্পী দীর্ঘদিন ধরে চুরি, ইয়াবা সেবনে আসক্ত। একই সাথে তাদেরকে মারধর করে, টাকা দাবি করায় অতিষ্ট হয়ে পুলিশকে ধরিয়ে দিতে বাধ্য হয়েছি। যাতে কিছু দিন শান্তিতে থাকতে পারি।

















