খাগড়াছড়ি জোনের শিক্ষা অনুদান

প্রেস বিজ্ঞপ্তি:
‘শিক্ষাই জাতির মেরুদন্ড, ‘যে দেশ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত’। শিক্ষিত মানুষ দেশের বোঝা নয়, এরা দেশের সম্পদ’। আর এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন (২২ বীর) গরীব মেধাবী ছাত্রের শিক্ষার দায়িত্বভার গ্রহণ করে পঞ্চম বারের মত শিক্ষা অনুদান প্রদান করেছে।
রবিবার (৭ এপ্রিল) খাগড়াছড়ির আরামবাগের মাহবুবুর রহমান ও মহিনুর বেগমের ছেলে মো. মাহমুদুর রহমানকে পড়াশুনার জন্য পঞ্চম বারের মত এককালীন আর্থিক অনুদান প্রদান করেন।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ছাত্র খাগড়াছড়ি শহরস্থ নতুনকুড়ি ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ অর্জন করে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয় এবং খাগড়াছড়ি জেলায় ১ম স্থান অধিকার করে। বর্তমানে সে চট্টগ্রাম সরকারি কলেজে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত রয়েছে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে তার লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার পথে।
এমতাবস্থায়, তার পিতামাতা খাগড়াছড়ি সদর জোনে বিষয়টি অবহিত করলে ওই শিক্ষার্থীর পড়াশুনার খরচ বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয় এবং ভবিষ্যতে তার পড়াশুনার ব্যয়ভার বহন করার ব্যাপারে আশ্বাস প্রদান করা হয়।
এছাড়াও জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও জোন সদর কর্তৃক এ ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।

















