চকরিয়ায় ডা*কা*তের হা*ম*লায় আহত ৭ : ৬ লাখ টাকার মাল লুট


চকরিয়ায় ডাকাতের হামলায় একই পরিবারের ৭ নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন। ওই সময় ডাকাতের দল বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকাসহ সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাইমুন ইসলাম নামে এক ডাকাতকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) গভীর রাত ২টার দিকে উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মালুমঘাট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন জানান, চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালুমঘাট এলাকার বাসিন্দা আরিফ মিয়ার (২৮) বাড়িতে গভীর রাত ২টার দিকে ১৪-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ওই সময় বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রী ঢালাইয়ের কাজ করছিলেন। বাড়ির সদস্য সবাই জেগে ছিলেন। দরজা খোলা থাকার সুযোগে হঠাৎ ডাকাত দল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
একপর্যায়ে সবাইকে বাড়ির একটি কক্ষে নিয়ে যায়। ওই সময় বাড়ির আলমিরা ভেঙ্গে স্বর্ণের চেইন, আংটি, হারসহ প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও প্রায় ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত আসছে বলে চিৎকার দিলে তারা বন্দুকের বাট দিয়ে এলোপাতাড়ি মারধর করে।
একপর্যায়ে বন্দুকের বাট খুলে মাটিতে পড়ে যায়। এ সময় ডাকাতের হামলায় বাড়ির ৭ জন নারী-পুরুষ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবারের অপর সদস্য আরিফ মিয়া ডাকাতির সময় বাড়ির সামনে বন্ধুদের নিয়ে গল্প করছিল। পরিবারের সদস্যদের শোর-চিৎকার শুনে ছুটে আসেন বাড়িতে। তাকেও ডাকাতের দল মারধর করে।
মোহাম্মদ আরিফ মিয়া জানান, তিনি চট্টগ্রামে চাকরি করেন। শুক্রবার ছুটি থাকায় বাড়িতে আসেন। ডাকাতরা তাকেও মারধর করে। পরে ৯৯৯ পুলিশকে ফোন করলে চকরিয়া থানা পুলিশ তার বাড়িতে ছুটে আসে।
ওই সময় ডাকাতের দল পালিয়ে গেলেও অভিযান চালিয়ে সাইমুন ইসলাম (২৭) নামে এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত ডাকাত সাইমুন ইসলামসহ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জন ডাকাতের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন বলে জানান মোহাম্মদ আরিফ মিয়া।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, চকরিয়ার মালুমঘাট এলাকায় ডাকাতের ঘটনায় একটি এজাহার দিয়েছে। একজন ডাকাতকে গ্রেফতার করলেও অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

















