চকরিয়ায় নদীতে গোসল করতে নেমে ১ স্কুলছাত্রীর মৃত্যু


কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তিন স্কুল ছাত্রীর মধ্যে পিংকি আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর লাশ বিকাল পৌনে ৫টার দিকে উদ্ধার করে ডুবুরীর দল। এরই আগে দুই ছাত্রীকে স্থানীয় লোকজনের সহায়তায় জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারা তিনজনই পরস্পর আপন বোন বলে জানা গেছে।
তবে পানিতে ডুবে মারা যাওয়া পিংকি চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৯ম শ্রেণীর ছাত্রী বলে জানা যায়। এছাড়াও উদ্ধার হওয়া শিক্ষার্থী দু’বোন হলেন আছমা বেগম (১০ম শ্রেণী) ও তাসফিয়া জন্নাত (৬ষ্ট শ্রেণী)। তারাও একই বিদ্যালয়ের ছাত্রী।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের এ ঘটনা ঘটে।
নিখোঁজ অন্য শিক্ষার্থীরা হলেন চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার আবছার উদ্দিনের মেয়ে আছমা আক্তার (১৬), তার বোন তাসফিয়া (১২) ও তাদের খালাতো বোন একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে পিংকি আক্তার।
স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পূর্বে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশ্ববর্তী মাতামুহুরী ব্রীজের পাশের স্টেশন পাড়া পয়েন্টে নদীতে গোসল করতে যায় তিন বোন। এসময় তিনজনই একইসাথে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার সময় নদীর অপরপাশ থেকে লোকজন সাঁতরে এসে দুই বোনকে উদ্ধার করলেও পিংকি আক্তার পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে স্থানীয় লোকজন মাছ ধরার জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ওই সময় পরিবারের লোকজনের কান্নায় আকাশ ভারি হয়ে উঠে। পরেই চট্টগ্রাম থেকে ফায়ার সিভিল ডিফেন্সের একটি ডুবুরীর দল এসে বিকাল পৌনে ৫টার দিকে ঘটনাস্থল থেকে পিংকি আক্তারের লাশ উদ্ধার করে।
এদিকে, বিগত ২০১৮ সালে ১৪ জুলাই ফুটবল খেলে গোসল করতে নেমে একই এলাকায় একই পয়েন্টে চকরিয়া গ্রামার স্কুলের ৫ ছাত্র পানিতে ডুবে মারা যায়। ওই এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করায় সৃষ্ট চোরাবলিতে পড়ে প্রতিনিয়ত মৃত্যুর ঘটনা ঘটছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, স্থানীয় কিছু দুর্বৃত্ত প্রতিনিয়ত রাতের আধাঁরে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে। এতে নদীর বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্ট হয়। এসব গর্ত ও চোরাবালিতে পড়ে সর্বশেষ পিংকির মৃত্যু হয়েছে। তারা এসব বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর দিদারুল হক জানান, সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় ডুবুরী দল চট্টগ্রাম থেকে এসে পিংকির লাশ উদ্ধার করে। উদ্ধার তৎপরতায় নৌ-পুলিশের টিমও সাথে ছিল।
চকরিয়া উপজেলার বদরখালী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, নদী থেকে লাশ উদ্ধার পরবর্তী প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে মারা যাওয়া স্কুল ছাত্রীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

















