জামায়াত আমিরের খোঁজ-খবর ও সুস্থতা কামনা করলেন তারেক রহমান


হৃদযন্ত্রে অস্ত্রপচারের পর চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জামায়াত আমিরের সুস্থতা কামনা করেন।
গত শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হয়। রোববার তারেক রহমানের পক্ষে খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তাদেরকে জামায়াত আমিরের সর্বশেষ অবস্থা জানানো হয়।
জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপারেশন পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন শফিকুর রহমান। সংক্রমণের শঙ্কায় থাকায়, চিকিৎসকরা বাইরের কারো সঙ্গে সাক্ষাতে নিষেধ করেছেন। জামায়াত আমিরের জ্ঞান ফিরেছে। তাঁকে তরল খাবারও দেওয়া হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।

















