টেকনাফে দুই জেলেকে ১ মাসের কারাদণ্ড


টেকনাফে নিষেধাজ্ঞা না মেনে সাগরে মাছ ধরার দায়ে অভিযান চালিয়ে দু’জন জেলেকে এক মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টেকনাফ মুন্ডার ডেইল এলাকার নজির আহমদের ছেলে আমির হোছন (৪০) এবং লম্বরী এলাকার নাজির হোছনের ছেলে কামাল হোছন (৩৩)।
বুধবার (৮ জুন) সকালে ও দুপুরে টেকনাফের মুন্ডার ডেইল ও দক্ষিণ লম্বরী ঘাটে এ অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্র্যাট এরফানুল হক চৌধুরী।
তিনি জানান, ‘সরকারি নির্দেশ অমান্য করে নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে মাছ ধরার দায়ে ২ জন জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
এ সময় টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
















