টেকনাফে পাহাড় থেকে পড়ে হাতি আহত


কক্সবাজারের টেকনাফে টানা ভারী বর্ষণের জেরে পাহাড় থেকে পা পিছলে পড়ে একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ডের নাইট্যংপাড়া সংলগ্ন পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ১০০ ফুট ওপর থেকে নিচে পড়ে যাওয়ায় হাতিটি তার পা এবং বুকে প্রচণ্ড আঘাত পেয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটির উদ্ধার ও চিকিৎসার সার্বিক প্রস্তুতি শুরু করেছে বন বিভাগ।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা অতিবৃষ্টির কারণে নাইট্যংপাড়া এলাকার পাহাড়ের মাটি অত্যন্ত নরম ও পিচ্ছিল হয়ে ছিল। দুপুরে বন্য হাতিটি পাহাড় দিয়ে যাওয়ার সময় আচমকা এই হাতিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট ওপর থেকে নিচে আছড়ে পড়ে। এতে হাতিটির পা ও বুক মারাত্মকভাবে জখম হয় এবং সে নড়াচড়া করতে পারছিল না।
ঘটনাটি জানার পরপরই বন বিভাগের একটি বিশেষ টিম ও ভেটেরিনারি চিকিৎসকরা দ্রুত নাইট্যংপাড়া পাহাড়ি এলাকায় পৌঁছান। বর্তমানে তারা আহত হাতিটির শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
বনবিভাগ জানিয়েছে, হাতিটি পা এবং বুকে বেশ ভালোই আঘাত পেয়েছে। তবে আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি। হাতিটিকে দ্রুত সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের ওষুধ ও বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
টেকনাফ বন কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, জানান, হাতিটিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা এবং বনের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

















