টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি


নাফ নদীতে জেলের বেশ ধরে নৌকায় করে মাদক পাচারকালে কক্সবাজারের টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়।
এ অভিযানে কাউকে আটক করা যায়নি। গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে সাবরাং বিওপি সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, মিয়ানমার সীমান্তে একটি সন্দেহজনক নৌকা বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি শেষে নাফ নদীর শূন্য লাইন হতে প্রায় ১০০ গজ ভিতরে মাছ ধরার বেশে অপেক্ষা করতে থাকে। সন্দেহজনক নৌকাটিকে ধরতে বেশ কয়েকটি কৌশলগত স্থানে বিশেষ বিজিবি নৌটহল মোতায়েন করা হয়। পরে সন্দেহজনক নৌকাটিকে সীমান্তে ধাওয়া করলে ২ জন চোরাকারবারী নৌকা হতে লাফ দিয়ে সাঁতার কেটে শুন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশী চালিয়ে মাছ ধরার জালে লুকায়িত একটি প্লাষ্টিকের প্যাকেটের ভিতরে বিশেষভাবে মোড়কজাতকৃত ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পাচারে জড়িতদের ধরতে বাংলাদেশ অংশের বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হলেও মাদক চক্রের কোন সদস্য কিংবা তাদের সহযোগীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ বর্ডার গার্ড ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান রাতে সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, চোরাকারবারীদের সনাক্ত করে আটকের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

















