ট্রাকের ধাক্কায় যুবদল নেতার মৃত্যু


চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ডাম্পট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। কামাল উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িতে করে বড়তাকিয়া ফিরছিলেন কামাল উদ্দিন। নিপ্পন কারখানার সামনে আসা মাত্র সামনে থেকে আসা একটি ডাম্পট্রাকে ধাক্কা দিলে কামালের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গাড়িতে আটকে পড়েন। পরে গাড়ি কেটে তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর অবনতি হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
















