তিউনিসিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে আফ্রিকার ৪০ অভিবাসীর মৃত্যু


উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৪০ জন অভিবাসী মারা গেছেন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাটি ডুবে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বুধবার (২২ অক্টোবর) রাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, প্রায় ৭০ জন অভিবাসী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরের মাহদিয়া উপকূলের কাছাকাছি ডুবে যায়। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি জানায়, চলতি বছরের মধ্যে এটি তিউনিসিয়া উপকূলে ঘটিত সবচেয়ে ভয়াবহ নৌ-দুর্ঘটনাগুলোর একটি।
ওই কর্মকর্তা বলেন, “বুধবার তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে সাব-সাহারান আফ্রিকার অন্তত ৪০ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। এটি এ অঞ্চলের জন্য এক ভয়াবহ ট্র্যাজেডি।”
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে তিউনিসিয়া ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে পালিয়ে ভালো জীবনের খোঁজে ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসীরা দেশটির উপকূল ব্যবহার করে ঝুঁকিপূর্ণ এই যাত্রা শুরু করেন।
সূত্র: রয়টার্স

















