নাইক্ষ্যংছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আওয়ামী দোসর তোফাইল বাহিনী কর্তৃক বিএনপি, যুব দল ও ছাত্রদল নেতাদের উপর বর্বর হামলা প্রতিবাদে নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রদল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবাদ মিছিল-সমাবেশ করেছে বিএনপি। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ হয়ে থানার মোড় হয়ে নাইক্ষ্যংছড়ি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে, জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ ছুট্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেলের পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মৌলানা সুলতান আহমদ, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস, সদস্য সচিব জহির আহমদ, উপজেলা ছাত্রদল আহবায়ক জিয়াবুল হক জিয়া, যুগ্ন আহবায়ক মিজানর রহমানসহ সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল হাকিমসহ অসংখ্য নেতা।
এরপর বিএনপি কার্যালয়ে উপজেলা ছাত্রদল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, উপজেলা বিএনপির ৪ নেতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা ও সোমবার সকালে উপজেলা বিএনপি নেতাদের উপর বর্বর হামলায় অংশ নেয়া সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান নেতারা।
পাশাপাশি কয়েক ডজন ভূঁয়া আইডি দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারে জড়িত আইডি বন্ধকরণসহ আইডি ব্যবহারকারীদের আইনের আওতায় আনারও দাবি তোলা হয়।
তারা জোর দিয়ে বলেন, নাইক্ষ্যংছড়িতে বর্তমানে রাজনীতির মাঠ উত্তপ্তকারী আওয়ামী লীগ সরকারের সব ডামি নির্বাচনের প্রধান সহযোগী ও দোসর তোফাইল আহমদের প্ররোচনায় এ সব অপকর্মের বিচারের দাবি তোলা হয়।
এ প্রসংগে ছাত্রদল নেতা জিয়াবুল হক জিয়া ও মিজানুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের ১৬ বছর ধরে ডামি নির্বাচনে অংশ নেওয়া তোফাইলের নির্বাচনী জনসভা ও পথ সভার বক্তা, সহযোগী, নির্বাচনী এজেন্ট, প্রতিনিধি বা যারা সে ডামি নির্বাচনের মিছিল সমাবেশে যোগ দিযেছিল তাদের তালিকা করে গ্রেপ্তারের জোর দাবি জানান ছাত্রদল।
বিশেষ করে বিএনপি নেতাদের উপর হামলাকারীরা দলের কেউ নন এমন নেতা তোফাইল আহমদকে নানা অভিযোগ থেকে বাঁচাতে কতিপয় ছাত্র নেতা যথাক্রমে মামুনর রশিদ, শামিম ইকবাল, একরাম ও শাহাদাত হোসেনসহ বহিরাগতসহ সশস্ত্র সন্ত্রাসীদের অতি সত্বর গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা এ বিষয়ে জেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।

















