নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : রিজভী


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতির কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির প্রস্তুতির কোনো ঘাটতি নেই। চূড়ান্ত প্রস্তুতি আছে। তফসিল ঘোষণার সঙ্গে আরও যে প্রস্তুতি থাকা দরকার, সেগুলো নেওয়া শুরু করবে দল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত এবং একই দিনে হবে এইটা দেশের মানুষের চাওয়া।
রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে, যেটা অন্তর্বর্তী সরকার অঙ্গীকার করেছে। সেখানে প্রত্যেক ভোটার ও রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস।
ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত নয়। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের রায় জনগণ দিবে; রাজনীতিতে অতিরিক্ত ধর্মের ব্যবহার ক্ষতি বয়ে আনবে বলেও জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, আজকে যারা বিরোধিতা করছে ভবিষ্যতে সেই সকল দল বিএনপির অংশ হতে পারে।

















