পারিবারিক কলহের জের ধরে কুতুবদিয়ায় বিষপানে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা

কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় বিষপান করে ছাবের আহমেদ নামের এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। শুক্রবার দুপুরে উত্তর ধুরুং ইউনিয়নে বিষপানের এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ১২টার দিকে ওই গ্রামের আব্দুল মালেকের পুত্র ছাবের আহমদ (৪০) পারিবারিক কলহের জের ধরে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগে প্রয়োজনীয় ষ্টমাক ওয়াশ করে ভর্তি করা হয়।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. একেএম কামরুল হাসান সোহেল বলেন, বিষপানে আগত ভর্তিকৃত রোগীটির অবস্থা অবনতি হওয়ায় বিকাল ৫টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
এর আগে বিষপানে আত্মহত্যা চেষ্টাকারি ছাবের আহমদ ডান হাতে আঘাতপ্রাপ্ত ছিলেন। ছাবের আহমদ স্ত্রীর সাথে ঝগড়া করে বিষপান করেন বলে তার প্রতিবেশিরা জানান।

















