পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন ব্যারিস্টার মীর হেলাল


ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।
আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন রাঙামাটি আসন থেকে নির্বাচিত জনপ্রিয় বিএনপি নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
মীর হেলালের জন্ম ১৯৮২ সালের ১২ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীর মীরেরখিল এলাকার মীরবাড়িতে।
ব্যক্তিগত জীবনে তিনি উচ্চ শিক্ষিত। তিনি যুক্তরাজ্য থেকে এলএলবি (অনার্স), বার ভোকেশনাল কোর্স (ইউনিভার্সিটি অফ লন্ডন, যুক্তরাজ্য) ব্যারিস্টার এট ল (লিংকনস ইন, যুক্তরাজ্য) থেকে করেছেন।
আইন পেশায় যুক্ত মীর হেলাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী। তিনি ল ফার্ম ‘দ্য লয়ার্স কাউন্সিল’-এর হেড অব চেম্বার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যারিস্টার মীর হেলাল প্রয়াত ডালিয়া নাজনীন নাসির এবং অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের একমাত্র পুত্র। তার পিতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সর্বশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পেয়ে আনন্দ প্রকাশ করছে পার্বত্যবাসী। তারা মনে করছেন তারেক রহমানের নেতৃত্বাধীন এই বিএনপি সরকারের পার্বত্য মন্ত্রণালয়ের নতুন নেতৃত্ব এই অঞ্চলের দীর্ঘ সমস্যা সমাধানে সফল হবেন এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য বাস্তবায়নে তারা দৃষ্টান্ত স্থাপন করবেন। ইতোমধ্যে মন্ত্রী দীপেন দেওয়ান ও প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন পার্বত্যবাসী।

















