পাহাড়ে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করা হবে : পার্বত্যমন্ত্রী

fec-image

শিগগিরই পাহাড়ে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করা হবে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করার বিষয়ে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। সরকার চায় দেশের কোনো মানুষ স্বাস্থ্যসেবাই যেন পিছিয়ে না থাকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করতে দুর্গম অঞ্চলেও চিকিৎসকের উপস্থিতি ও অন্যান্য সেবা নিশ্চিত করা হবে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের উদ্যোগে আয়োজিত নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রাঙামাটি সিভিল সার্জেন নূয়েন খীসার সভাপতিত্বে এতে রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. একরামুল রাহাত, রাঙামাটি অতিরিক্তি পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আর এম ও ডা. মো. শওকত আকবর, রাঙামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, রাঙামাটির মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নবনির্মিত এই ২৫০ শয্যার হাসপাতাল ভবন সে চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ মানুষ মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবে।

মন্ত্রী চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে রোগীদের মানসিক দিক বিবেচনায় রেখে চিকিৎসা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, চিকিৎসকদের জন্য আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন। এ বিষয়ে অবকাঠামোগত উন্নয়নেও সরকার পদক্ষেপ গ্রহণ করবে। জনগণের সরকার হিসেবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমান সরকারকে সহযোগীতা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান মন্ত্রী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীপেন দেওয়ান, পার্বত্যমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন