পাহাড়ের পাঁচ পৌরসভায় ধরাশায়ী বিএনপি
মুজিবুর রহমান ভুইয়া:
দেশে প্রথম বারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের ফলাফলে পাল্টে গেছে পাহাড়ের সব রাজনৈতিক হিসাব-নিকাশ। জনমতের কাছে বিএনপি‘র হাতছাড়া হয়েছে পাঁচ পৌরসভায় বিএনপির নেতৃত্ব।
বিএনপি‘র হাতে থাকা চার পৌরসভার চারটিতেই ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীক। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাঁটি পৌরসভার মধ্যে চারটিতেই নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে সাধারণ ভোটাররা। শুধুমাত্র খাগড়াছড়ি পৌরসভায় নেতৃত্ব অপরিবর্তিত রয়েছে। খাগড়াছড়িতে ধানেরশীষ-নৌকাকে ঠেকিয়ে নিজের নেতৃত্ব ধরে রেখেছেন বর্তমান মেয়র নাগরিক কমিটি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো: রফিকুল আলম।
ফলাফল বিশ্লেষনে দেখা গেছে ধানের শীষ প্রতীক নিয়ে লামা পৌরসভায় মো: আমির হোসেন ২ হাজার ৮‘শ ৩৫ ভোট এবং মাটিরাঙ্গা পৌরসভায় বাদশা মিয়া ৩ হাজার ৩‘শ ৮৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকলেও অন্য তিন পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থীর অবস্থান তৃতীয়। এই ফলাফলে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিলেও উজ্জীবিত শাসকদলের নেতাকর্মীরা।
রাঙ্গামাটি পৌরসভা:
পর্যটন শহর হিসেবে পরিচিত রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো-কে হটিয়ে জয় পেয়েছেন নির্বাচনে নতুন মুখ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি মো: আকবর হোসেন চৌধুরী।
১৭ হাজার ৯‘শ ৪৩ ভোট পেয়ে রাঙ্গামাটি পৌর পিতা নির্বাচিত হয়েছেন তরুন নেতা মো: আকবর হোসেন চৌধুরী। এ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে ১০ হাজার ১‘শ ৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস সমর্থিত প্রার্থী ডা: গঙ্গা মানিক চাকমা। এ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো পেয়েছেন ৭ হাজার ৩‘শ ৫৫ ভোট।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি মো: আকবর হোসেন চৌধুরী‘র বিজয়ের মধ্য দিয়ে রাঙ্গামাটি পৌরসভায় আবারো আওয়ামী লীগের নিয়ন্ত্রণ তৈরী হলো।
বান্দরবান পৌরসভা :
বান্দরবান পৌরসভার জনপ্রিয় মেয়র ও বিএনপি মনোনতি প্রার্থী মো; জাবেদ রেজা-কে পরাজিত করে বান্দরবান পৌর পিতা নির্বাচিত হয়েছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম বেবী। এ জয়ের মধ্য দিয়ে বান্দরবান পৌরসভা হাতছাড়া হলো বিএনপি‘র।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনতি প্রার্থী মো: ইসলাম বেবী ৮ হাজার ৭‘শ ২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৪ হাজার ১‘শ ৫৮ ভোট পেয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মিজানুর রহমান বিপ্লব দ্বিতীয়।
লামা পৌরসভা:
বিএনপি‘র দুর্গ হিসেবে পরিচিত লামা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মো: আমির হোসেন পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: জহিরুল ইসলামের কাছে। নৌকা প্রতীক নিয়ে মো: জহিরুল ইসলামের ৬ হাজার ৬‘শ ৬ ভোটের বিপরীতে ধানের শীষ প্রতীক নিয়ে মো: আমির হোসেন পেয়েছেন ২ হাজার ৮‘শ ৩৫ ভোট।
লামা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর ভরাডুবির মধ্য দিয়ে দীর্ঘদিন পরে লামা পৌরসভায় নিজেদের কতৃত্ব হারালো দলটি।
খাগড়াছড়ি পৌরসভা:
দলীয় প্রতীকে অনুষ্ঠিত দেশের প্রথম পৌরসভা নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় গেলবারের মতো নৌকা-ধানের শীষকে হটিয়ে দ্বিতীয় মেয়াদের জন্য পৌর পিতা নির্বাচিত হয়েছেন মো: রফিকুল আলম। দুই প্রভাবশালী রাজনৈতিক দলের হেভিওয়েট দুই প্রার্থী আওয়ামী লীগের মো: শানে আলম ও বিএনপির এ্যাড. মো: আবদুল মালেক মিন্টুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন নাগরিক কমিটি সমর্থিত এই প্রার্থী।
খাগড়াছড়ি পৌরসভার ৬ষ্ঠ নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে ৯ হাজার ৪’শ ১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নাগরিক কমিটি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো: রফিকুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: শানে আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫’শ ৩৭ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে ৩ হাজার ৭’শ ৬৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. মো: আবদুল মালেক মিন্টু।
মাটিরাঙ্গা পৌরসভা:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপির দুর্গে নীরব বিপ্লব ঘটিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনের শুরু থেকে উদ্বেগ-উৎকন্ঠা আর বিএনপি মনোনীত প্রার্থীর হাজারো অভিযোগের পর ভোটগ্রহণের দিন সাধারণ ভোটারদের স্বত:স্ফুর্ত উপস্থিতি ও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মো: বাদশা মিয়াকে অর্ধেকেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে মাটিরাঙ্গার নগর পিতা নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: শামছুল হক।
মাটিরাঙ্গা পৌরসভার তৃতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মো: শামছুল হক ৭ হাজার ৩‘শ ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মনোনীত প্রার্থী মো: বাদশা মিয়া ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩‘শ ৮৬ ভোট।

















