পেকুয়ায় অভিমান করে ওমান প্রবাসী এক যুবকের আত্মহত্যা


কক্সবাজারের পেকুয়ায় পছন্দের মেয়েকে বিয়ের পিঁড়িতে বসাতে না পেরে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে ফরিদুল আলম(২৫) নামের ওমানপ্রবাসী এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় টইটং ৫ নং ওয়ার্ডের গর্জনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ওমান প্রবাসী আকতারের ছেলে।
এ সময় স্থানীয়রা ইউপি সদস্য আবু ওমর জানান, সে বিদেশে থাকার সময় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সে দেশে এসে ওই মেয়েকে বিয়ে করার কথা জানান তার মাকে। মা ছেলের কথায় রাজি না হয়ে অন্যত্রে মেয়ে দেখে। মা ছেলে মিলে ৬ নং ওয়ার্ডের এক মেয়ের সাথে বিয়ে ঠিক করার কথা চুড়ান্ত করে। এতে ছেলে অভিমান করে তার শয়নকক্ষের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে দেয়।
মা এসে তাকে খোঁজে এক পর্যায়ে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে পেকুয়া থানার এস আই শাহিনুল ইসলাম গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানিয়েছেন ,সকালে তার বিয়ে নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। নিজের পছন্দের মেয়েকে বাদ দিয়ে অন্য এক মেয়ে ঘরে আনতে চেয়েছিল। যার ফলে অভিমান করে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তাজউদ্দীন আহমদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

















