ফের খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট


বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে কাপ্তাই বাঁধের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটা ৫০ মিনিটে বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে।
এতে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
বর্তমানে হ্রদের ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সামগ্রিক পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরবর্তী গেটগুলো বাড়ানো বা বন্ধ করা হবে। পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য বত্রিশ হাজার পানি নিষ্কাশিত হচ্ছে।হ্রদে পানি রয়েছে ১০৮দশমিক ৪৫ ফুট মিনস সি লেভেল পানি।
এর আগে গত ১০ সেপ্টেম্বর টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রভাহিত হওয়ায় বাঁধের ১৬ জলকপাট সাড়ে তিনফুট খুলে দিয়ে ৬৩ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিলো।
টানা ১০ দিন পানি ছাড়ার পর ১৯সেপ্টেম্বর সকাল ৮টায় কাপ্তাই বাঁধের জলকপাট অবশেষে বন্ধ করা হয়েছিলো।
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় গত ২০ আগষ্ট রাত ৮ টা থেকে ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিলো। একটানা চারদিন পানি ছাড়ার পর ২৩ আগষ্ট বিকেল ৫ টায় পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছিলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।
এর আগে গত ৪ আগস্ট কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিলো। একটানা আটদিন পানি ছাড়ার পর ১২ আগষ্ট সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছিলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।
পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

















