বান্দরবানে কাঠ চোরাইকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত-৪

262

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামায় কাঠ চোরাইকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার গভীর রাতে জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ডুলাহাজারামুখ এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কাঠ ব্যবসায়ী সৈয়দ সওদাগরের চোরাই কাঠবোঝাই ট্রাক আটক করে পুলিশ। খবর পেয়ে স্থানীয় কাঠ চোরাইকারীরা দল বেঁধে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও তাদের তাড়া করলে সংঘর্ষ শুরু হয়। এতে লামা থানার তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হন। আহত পুলিশ সদস্যদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক আনিস জানান, হামলায় আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য আজিজুলকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ফাসিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন জানান, লামা ফাসিয়াখালী থেকে রাতের আঁধারে কাঠ নিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া দেয়। চকরিয়ার ডুলাহাজারা বাজারমুখ এলাকায় পুলিশের ওপর পাল্টা হামলা চালায় চোরাইকারীরা। হামলায় কয়েক পুলিশ সদস্য আহত হওয়ার খবর পেয়েছি।

পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি অস্বীকার করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান খান জানান, চোরাই কাঠের একটি ট্রাক আটকের সময় ফাসিয়াখালীতে পুলিশের ওপর হামলা চালায় চোরাইকারীরা। তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালানোর কারণে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। ট্রাকটিও আটক করা যায়নি। চোরাইকারীরা সেটি নিয়ে পালিয়ে গেছে। তবে এ ঘটনায় সামান্য চোট পেলেও কোনো পুলিশ সদস্য আহত হয়নি।

এদিকে অভিযুক্ত কাঠ ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা সৈয়দ সওদাগর বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। কাঠ চোরদের সঙ্গে পুলিশের কী ঘটনা হয়েছে, এ বিষয়ে আমি কিছুই জানি না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন