রাঙামাটিতে এসএসসিতে ৫,৮৩৯, দাখিলে ৩৫৫ ও ভোকেশনালে ৪০৬ জন পরীক্ষার্থী
স্টাফ রিপোর্টার :দীর্ঘ প্রতিক্ষার পর সারাদেশের ন্যায় রাঙামাটিতেও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবছর রাঙামাটি জেলায় এসএসসিতে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৮৩৯ জন, দাখিল পরীক্ষায় ৩৫৫ জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এবছর রাঙামাটি জেলায় এসএসসিতে ১৭টি কেন্দ্র, দাখিল মাদ্রাসা পরীক্ষায় ৬টি কেন্দ্র এবং এসএসসি ভোকেশনাল ২টি কেন্দ্রে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করছেন।
শনিবার সকালে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম খীসা ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রধান শিক্ষক সরৎ চাকমা সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ বছর রাঙামাটি সদর উপজেলায় ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র গুলো হচ্ছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র। সদর উপজেলার ১৪টি সরকারি ও বেসরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ১ হাজার ২২৭ জন। রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, এর মধ্যে ৪৩২ জন ছাত্র ও ২৪১ জন ছাত্রী অংশ গ্রহণ করেন। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৫৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে।
এদিকে উৎসব মুখর পরিবেশে পরীক্ষা শুরু হলেও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই পরীক্ষা সুষ্ঠভাবে হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করে বলেন, আমাদের ছেলে মেয়েরা মানসিক ভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা পরীক্ষার প্রস্তুতি নিয়েও পরীক্ষা দিতে পারছে না। তাই সরকারি দল ও বিরোধী দল উভয় পক্ষের কাছে তারা পরীক্ষার সময় কোন রকম রাজনীতি না করার জন্য অনুরোধ জানান।
Facebook Comment

















