রাঙামাটিতে ৩ স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেও জাতীয়পার্টি প্রার্থী করেনি

আলমগীর মানিক, রাঙামাটি :
১০ম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিন পর্যন্ত রাঙামাটির তিন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। তবে জাতীয় পার্টির প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী গুনেন্দু বিকাশ চাকমা, ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রসিত বিকাশ খীসা ও সংস্কারপন্থী বলে পরিচিত জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শক্তিমান চাকমা।

রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন এতথ্য জানিয়েছেন। তিনি জানান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডা. রূপম দেওয়ান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এনিয়ে রাঙামাটির ২৯৯ আসনে আগামী ১০ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ,জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ছয়জন প্রার্থী নির্বাচনের লড়াইয়ে থাকছেন। এই প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের দীপংকর তালুকদার, জাতীয় পার্টির ডা: রূপম দেওয়ান, সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার, সংস্কারপন্থী জেএসএস এমএন লারমা সমর্থিত প্রার্থী সূধা সিন্ধু খীসা, ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সচিব চাকমা ও একমাত্র বাঙ্গালী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আবছার আলী।
এদিকে রাঙামাটি জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ২৯৯ নং রাঙামাটি আসনে তিন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন