রাজধানীতে প্রবল বৃষ্টি, ২০ জেলায় ঝড়ের পূর্বাভাস


মৌসুমি বায়ুর প্রভাবে সকাল থেকেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে ভারি বৃষ্টি। বৃষ্টির কারণে গরম কমায় অনেকটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।
শুক্রবার (১২ জুলাই) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। এদিন সকাল থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। আকাশে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টিও বেড়েই চলছে। তবে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ।
বৃষ্টিতে নগরীর অনেক প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেকেই নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটেছেন।
এদিকে শুক্রবার ১২ জুলাই দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাসহ দেশের ২০ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

















