রাজস্থলীতে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙামাটি আসনের অন্তর্গত রাজস্থলী উপজেলায় ১২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৩ জন প্রিজাইডিং অফিসার, ৪৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯৭ জন পোলিং অফিসার।
জানা গেছে, উপজেলার তিনটি ইউনিয়নে ভোটকেন্দ্রগুলোর অবস্থান হলো ১নং ঘিলাছড়ি ইউনিয়নে ৪টি, ২ নং গাইন্দ্যা ইউনিয়নে ৪টি, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে ৪টি, মোট ১২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং কর্মকর্তা সেলিনা আক্তার সাংবাদিকদের জানিয়েছেন, ইতোমধ্যে সকল ভোটকেন্দ্র পরিদর্শন সম্পন্ন করা হয়েছে এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমও ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই ১২টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রার্থীর প্রতিনিধি ও সমর্থকরা। তারা বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণসহ নানা ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২০ অক্টোবর সারাদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৭৭জন এবং নারী ভোটার ১০ হাজার ৭৫০ জন।

















