সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে লংগদু সেনা জোনে প্রীতিভোজের আয়োজন


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু জোনের (তেজস্বী বীর) উদ্যোগে স্থানীয় প্রশাসন, শিক্ষক, সাংবাদিক জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারিদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করেছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১২টায় লংগদু জোনের সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লংগদু জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনাক মেজর রিফাতুজ্জাকের সভাপতিত্বে বাইট্টাপাড়া আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও আনোয়ারা বেগম, জেলা পরিষদের সদস্য আসমা বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধি, জোনের অন্যান্য সেনা কর্মকর্তাসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১-এর ২১শে নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। এ কারণে এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। এই দিনে বঙ্গভবন, সামরিক বাহিনী সদর দফতর, ঢাকা সেনানিবাস এবং দেশের প্রতিটি সামরিক প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

















