সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের


সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর গুরুতর অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দাবিতে আজ শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে দলটি।
শুক্রবার সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
দলের শীর্ষ নেতাদের দাবি, তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত রায়কে কারচুপির মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের পেছনে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ তুলছে জামায়াত।
















