বান্দরবানে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে সোমবার মানববন্ধন

 

জেলা প্রতিনিধি, বান্দরবান :

বান্দরবান সদরের গুংগুরু খিয়াংপাড়া এলাকায় অবৈধ ইট ভাটায় কাঠ পোড়ানোর ছবি তুলতে গিয়ে শ্রমিকদের হাতে লাঞ্ছিত হয়েছেন প্রথম আলো’র জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে স্থানীয় সাংবাদিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইসলাম কোম্পানির মালিকানাধীন এবিসি নামে অবৈধ ইট ভাটায় জ্বালানি কাঠ ও কৃষি জমির মাটির ছবি তুলতে যান প্রথম আলো’র জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা। ছবি তোলার এক পর্যায়ে শ্রমিক সর্দার পরিচয় দানকারী মৌলভি শহর আলী ওরফে তাজুল তাকে অকথ্য ভাষায় গালাগালি ও হামলার চেষ্টা চালান এবং ইট ভাটার মালিক ইসলাম কোম্পানীর সামনে তাকে লাঞ্ছিত করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গুংগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিএনপি নেতার এ ইটভাটা নির্মানের চুল্লী থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া, ধুলোবালি এবং কৃষি জমির মাটি পরিবহণের সময় ট্রাকের বিকট আওয়াজে ব্যাঘাত ঘটছে স্কুলের শিক্ষা কার্যক্রম।

আরো জানা যায়, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিগত কয়েক বছর ধরে প্রভাবশালী বিএনপি নেতার এ অবৈধ ইটভাভাটাটি বন্ধের করার দাবীতে একাধিকবার মানববন্ধন করেছে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

জেলা খেয়াং ছাত্র পরিষদের সভাপতি হ্লামং খিয়াং বলেন, ইটভাটাটি বন্ধের জন্য আমরা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ জানানোর পরও তা ফলপ্রসূ হয়নি।

এলাকার খেয়াং নেতারা জানান, অবৈধ এবিসি নামের ইটভাটার মালিক মোহাম্মদ ইসলামে কোম্পানীর কাছে তারা ৮ বছর ধরে জিম্মি। প্রশাসনের সাথে ইটভাটার মালিকের আতাঁত থাকায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়না।

এ প্রসঙ্গে প্রথম আলো’র জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা বলেন, আমি আশা করি এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বান্দরবান জেলা প্রশাসক কে.এম তারিকুল ইসলাম জানান, জেলায় একটিও সরকার অনুমোদিত বৈধ ইটভাটা নেই। ইটভাটাগুলোর মালিকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন