দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে চকরিয়ায় বিএনপির বিক্ষোভ


সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া পৌরসভা ও উপজেলা বিএনপি’র অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
শনিবার (৫মার্চ) বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কস্থ চকরিয়া পৌরশহরে হাসপাতালের রাস্তা মাথা থেকে মিছিলটি শুরু করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ মিলিত হয় দলীয় নেতা কর্মীরা। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চকরিয়া পৌরসভা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মু. ফখরুদ্দীন ফরায়েজী ও পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক মোবারক আলীসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের জৈষ্ঠ্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই। দ্রব্যমূল্য এখন সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের হাট-বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। জনগণের প্রতি সরকারের কোন খেয়াল নেই, সরকারের দূর্নীতির কারণে দেশে দ্রব্যমূল্যের দাম ক্রমেই বাড়ছে। এ সরকার জনপ্রিয়তা হারিয়ে বিএনপি’র কন্ঠরোধ করার জন্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করতেছে। নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে। মামলা-হামলা, ভয়ভীতি ও পুলিশ দিয়ে নেতা-কর্মীদের আটক করে রাজপথের এই আন্দোলন দমানো যাবেনা বলে হুঁশিয়ারী দেন।

















